তাবলিগ জামাতের একাংশের নেতা ভারতীয় মাওলানা সাদ কান্ধলভীকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হাজারো মানুষ মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে সাদপন্থিদের অবস্থানের কারণে কাকরাইল ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও স্কুল-কলেজপড়ুয়া যাত্রীরা। এ ছাড়া এই পথ ব্যবহার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরাও যানজটে আটকে চরম ভোগান্তি পোহাচ্ছেন।
জানা যায়, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার ভক্তরা।
এদিকে মাওলানা সাদকে ঢাকায় আসার অনুমতি না দেওয়ায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা।